ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

চীনা নাগরিকদের ইসরায়েল ছাড়ার জরুরি নির্দেশ

ads

ইসরায়েলের ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সেখানে অবস্থানরত নিজ নাগরিকদের দ্রুত দেশ ত্যাগ বা নিরাপদ এলাকায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছে চীনা দূতাবাস। সোমবার জারি করা এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে ইসরায়েলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, মাত্রা ও তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে হতাহতের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থাপনা ও সম্পদ। দূতাবাস জানায়, আশ্রয়কেন্দ্রে সময়মতো পৌঁছাতে না পারায় একাধিক ঘটনায় মানুষ হতাহত হয়েছেন।


এ প্রেক্ষাপটে নাগরিকদের ‘ঝুঁকি না নেওয়ার’ আহ্বান জানিয়ে যত দ্রুত সম্ভব দেশ ছাড়তে বা তুলনামূলক নিরাপদ এলাকায় সরে যেতে বলা হয়েছে। সতর্কবার্তায় বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র ও তেল শোধনাগারের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল স্থাপনা থেকে দূরে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। খবর সিজিটিএন।


এ ছাড়া ইসরায়েল হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে, বাসা ও কর্মস্থলের কাছাকাছি নিরাপদ আশ্রয়কেন্দ্র নিশ্চিত করতে এবং সাইরেন বাজলে দ্রুত সেখানে প্রবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগের পাশাপাশি দূতাবাসের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


দূতাবাস আরও জানায়, আগামী বুধবার মিশরের দক্ষিণ সিনাই প্রদেশের তাবা সীমান্ত ক্রসিং হয়ে চীনা নাগরিকদের (হংকং, ম্যাকাও ও তাইওয়ানসহ) আরেকটি দলকে সরিয়ে নেওয়া হবে। বিশেষ করে উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় থাকা নাগরিকদের দ্রুত প্রস্তুতি নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।


এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি ইরানে নিরাপত্তা পরিস্থিতি খারাপ হতে পারে এমন আশঙ্কায় সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেয় চীন।


একই সঙ্গে দেশটিতে থাকা চীনা নাগরিকদের যত দ্রুত সম্ভব নিজ দেশে ফিরতে বলা হয়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে এ সতর্কতা দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

ads
ads
ads

Our Facebook Page